আজ শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন

আজ শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ রবিবার। গত ২০ নভেম্বর থেকে চলা অনলাইন আবেদন প্রক্রিয়ার শেষ সময় আজ দিবাগতরাত ১২টা। তবে আবেদন ফি জমা দেয়ার সুযোগ থাকছে ৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, আবেদনের শেষ দিনে প্রবেশ করতেই জমা পড়া আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৮০–তে। ইউনিটভিত্তিক আবেদন বিবরণী তুলে ধরে তিনি বলেন, ‘এ’ ইউনিটে (মানবিক) আবেদন পড়েছে ৯৬ হাজার ৩০০টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ২৪ হাজার ৫৫০টি এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৭ হাজার ৩০টি।


এ বছর কোনো সিলেকশন পদ্ধতি থাকছে না। তিন ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই শিফটে— সকাল ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এর মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া আরও উন্মুক্ত হয়েছে।


ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে। ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এর পরীক্ষা।


উল্লেখ্য, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুধু রাজশাহীতেই নয়; দেশের ছয় বিভাগ—রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসেও অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।



Advertisement
Home