ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে; এদিন শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে মেট্রোরেল ট্রিপ বৃদ্ধির দাবি জানিয়েছে ডাকসু।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক-ইউনিটের ভর্তি পরীক্ষার দিন শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, “ঢাবির ক-ইউনিটের ভর্তি পরীক্ষার দিন শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেট্রোরেলে ট্রিপ সংখ্যা বৃদ্ধি (৬ মিনিট পর পর) করার ব্যাপারে ডাকসুর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।”
ডাকসু নেতাদের পক্ষ থেকে জানানো হয়, একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক-ইউনিটের পরীক্ষার সময় পুনঃনির্ধারণ করা হয়। এতে করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যাতায়াত নিয়ে উদ্বেগ তৈরি হয়।
এ প্রসঙ্গে সর্ব মিত্র চাকমা আরও বলেন, “এ মতাবস্থায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ লক্ষ্য করে ডাকসুর পক্ষ থেকে ভিপি সাদিক কায়েম ও বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন।” তিনি জানান, আলোচনার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট (ক-ইউনিট) ভর্তি পরীক্ষায় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে, ফলে পরীক্ষার দিন ঢাকায় পরিবহন ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।