বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সরকারিকরণপ্রাপ্ত ১২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নাম সংশোধন করে “সরকারি” সংযুক্ত নামে পরিচালনার অনুমোদন দিয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আগারগাঁও কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বোর্ড সূত্রে জানা যায়, অনুমোদনপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালু রয়েছে। প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ হওয়ায় নামের সঙ্গে “সরকারি” শব্দ সংযুক্ত করে সংশোধিত নামে পরিচালনার জন্য আবেদন করা হয়। পরিপ্রেক্ষিতে বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী দিনাজপুরের বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এখন থেকে পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয়, জামালপুরের সরিষাবাড়ী পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এখন সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ), যশোরের ঝিকরগাছা এম. এল. হাই স্কুলের সংশোধিত নাম হয়েছে ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুল।
এছাড়া ঝিনাইদহের মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, টাংগাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন ও ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয় যথাক্রমে মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন এবং ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় নামে পরিচালিত হবে।
একই আদেশে টাংগাইলের কালিহাতি আর. এস. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গার আলমডাংগা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ঝালকাঠীর নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের নাম সংশোধন করে সরকারি নামকরণ অনুমোদন দেওয়া হয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং গাজীপুরের কালিয়াকৈরের চন্দা সরকারি হাই স্কুল নামেও অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, সংশ্লিষ্ট ভোকেশনাল কোড অপরিবর্তিত থাকবে।
আদেশে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সকল বিভাগ ও শাখাকে সংশোধিত নাম অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শক প্রকৌশলী বি. এম. আমিন আমিনুল ইসলাম স্বাক্ষরিত আদেশটি সংশ্লিষ্ট অধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।
বিস্তারিত দেখুন এখানে