একদিন পেছাল এমআইএসটি স্থাপত্য ভর্তি পরীক্ষা

একদিন পেছাল এমআইএসটি স্থাপত্য ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ও পুনর্নির্ধারিত হওয়ায় এমআইএসটি’র ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ভর্তি পরীক্ষা একদিন পিছিয়ে ২৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। রোববার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময় অনুযায়ী ২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার ফলে পরীক্ষাটি স্থগিত করা হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা পুনর্নির্ধারণ করে ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং তাদের অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শুধুমাত্র স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে।


পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, এমআইএসটি’র স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে ২৮ ডিসেম্বর ২০২৫ (রোববার) একই সময়ে অনুষ্ঠিত হবে। তবে এমআইএসটি’র ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের প্রথম পর্বের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যথাসময়ে অনুষ্ঠিত হবে।


ভর্তি পরীক্ষার সময়সূচিতে এই পরিবর্তনের ফলে পরীক্ষার্থীদের নতুন তারিখ ও সময় অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে এমআইএসটি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সব তথ্য এমআইএসটি’র ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে



Advertisement
Home