উৎসব ছাড়াই জানুয়ারিতে বিতরণ হবে প্রাথমিকের নতুন বই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

উৎসব ছাড়াই জানুয়ারিতে বিতরণ হবে প্রাথমিকের নতুন বই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের নতুন পাঠ্যপুস্তক মুদ্রণ প্রায় শেষ হয়েছে। ইতোমধ্যে জেলা পর্যায়ে অধিকাংশ বই পৌঁছে গেছে এবং জানুয়ারির শুরুতে শিক্ষার্থীদের হাতে পুরো সেট তুলে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, “এ বছর বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করা হবে না; বই সরাসরি প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে।”


শনিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।


শিক্ষক সম্পর্কে মতামত ব্যক্ত করে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “যে শিক্ষক তাঁর মূল দায়িত্ব যথাযথভাবে পালন করেন না, তাঁকে শিক্ষক বলা যায় না। যারা দায়িত্বের সঙ্গে শিক্ষাদান করছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই এবং তাদের ন্যায্য দাবি আদায়ে সবসময় পাশে থাকব।”


কক্সবাজারে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও স্টেকহোল্ডাররা।



Advertisement
Home