কমপ্লিট শাটডাউন স্থগিত, প্রাথমিক বিদ্যালয়ে রোববার থেকে পরীক্ষা

কমপ্লিট শাটডাউন স্থগিত, প্রাথমিক বিদ্যালয়ে রোববার থেকে পরীক্ষা

শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে আগামীকাল রোববার থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিকের শিক্ষকরা। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত থাকবে বলে জানিয়েছে শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।


বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এক যৌথ বিজ্ঞপ্তিতে জানায়, সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবির আন্দোলনের অংশ হিসেবে চলমান কর্মসূচি পালন করা হলেও সন্তানতুল্য শিক্ষার্থীদের স্বার্থ ও মানবিক দিক বিবেচনায় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত থাকবে এবং আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


এর আগে ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন সহকারী শিক্ষকরা। শিক্ষক নেতারা জানান, গত ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের বেতন স্কেল-সংক্রান্ত প্রতিশ্রুতি দেওয়া হলেও ২২ দিন পার হয়ে যাওয়ার পরও দাবির বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি।


১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডের দাবির প্রেক্ষিতে আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতার অবসান।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।



Advertisement
Home