স্নাতক ও সমমান শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে পিএমইএটি

স্নাতক ও সমমান শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে পিএমইএটি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (পাস ও অনার্স) ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৫-২৬ অর্থবছরে ভর্তি সহায়তা প্রদান করবে। ৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।


স্নাতক (পাস ও অনার্স)/সমমান শ্রেণিতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বা অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৫–২৬ অর্থবছরে ভর্তি সহায়তা প্রদান করবে। ভর্তি সহায়তার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন দাখিল করতে হবে।


ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা–২০২০ অনুযায়ী আবেদনকারীকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট থেকে নির্ধারিত প্রত্যয়ন ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগের প্রধানের সুপারিশ গ্রহণ করতে হবে। সুপারিশকৃত ফর্মটি অনলাইন আবেদনের সময় আপলোড করা বাধ্যতামূলক। আবেদন জমাদানের সময় ‘শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন’ অপশনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম না পেলে প্রতিষ্ঠান প্রধানকে ট্রাস্টের ‘ই–ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি’তে অন্তর্ভুক্তির জন্য প্রতিষ্ঠান প্রধানের প্যাডে EIIN ও প্রয়োজনীয় তথ্য উল্লেখপূর্বক ট্রাস্টের  ‘ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নম্বর–৪৪, সড়ক নম্বর–১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯’ বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।


প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩–২০তম গ্রেডভুক্ত কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে অফিস প্রধান কর্তৃক প্রদত্ত বেতনগ্রেড–সংক্রান্ত প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে আপলোড করতে হবে। অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান বা স্থানীয় জনপ্রতিনিধি (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার কাউন্সিলর/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর) কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর পিতা/মাতা/অভিভাবকের বার্ষিক আয় দুই লক্ষ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।


প্রতিবন্ধী শিক্ষার্থী বা অভিভাবক, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবার, নদীভাঙন কবলিত পরিবার, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বা দুস্থ পরিবারের সন্তানেরা ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এ ক্ষেত্রে প্রাসঙ্গিক প্রমাণপত্র অনলাইনে আপলোড করা অবশ্যক।


আবেদন দাখিলের সময় শিক্ষার্থীর সর্বশেষ উত্তীর্ণ শ্রেণি বা পরীক্ষার সত্যায়িত নম্বরপত্রের স্পষ্ট কপি আপলোড করতে হবে। ভর্তি সহায়তা প্রদানার্থে সফটওয়্যারে ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS)–এর অ্যাকাউন্ট নম্বর প্রবেশ করানোর ক্ষেত্রে শিক্ষার্থী বা তার পিতা/মাতা–এর নিজস্ব বৈধ অ্যাকাউন্ট নম্বরই গ্রহণযোগ্য হবে। অ্যাকাউন্ট নম্বরের প্রমাণ হিসেবে ব্যাংক একাউন্টের ক্ষেত্রে চেকের পাতার কপি বা ব্যাংক স্টেটমেন্ট এবং এমএফএস অ্যাকাউন্টের ক্ষেত্রে সক্রিয় অ্যাকাউন্ট ও KYC–সংক্রান্ত প্রমাণপত্র আপলোড করতে হবে। পিতা–মাতা উভয়েই না থাকলে আইনগত অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর বিবেচনায় নেওয়া হবে। আবেদনের কোনো হার্ড কপি প্রেরণের প্রয়োজন নেই; পুরো প্রক্রিয়াই সম্পূর্ণ অনলাইনভিত্তিক।


স্নাতক (পাস ও অনার্স)/সমমান শ্রেণিতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বা অধ্যয়নরত ১ম বর্ষের সকল অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ২০২৫ সালের ৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ভর্তি সহায়তার আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। আবেদন নির্ধারিত ওয়েবসাইটের ‘ই–ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি’র মাধ্যমে জমা দিতে হবে।


আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন



Advertisement
Home