নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত এ সমাবেশে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো দ্রুত পুনর্নির্ধারণের দাবি জানানো হয়।
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের লক্ষাধিক সরকারি কর্মচারী। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, প্রতি পাঁচ বছর অন্তর বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও ২০১৫ সালের পর কোনো বেতন বৃদ্ধি হয়নি। অন্যদিকে গত ১০ বছরে নিত্যপণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে, ফলে সরকারি কর্মচারীরা ক্রমবর্ধমান ব্যয়ভার সামলাতে পারছেন না। পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সংগঠনের নামে তারা আন্দোলন করে আসছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে পে-কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টা আগামী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবেন বলে মন্তব্য করায় সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান তিনি।
মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। মো. জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ডাক বিভাগের হাজার হাজার কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা সমাবেশে অংশ নেন।
সমাবেশে আরও বক্তব্য দেন—মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন ও খায়ের আহমেদ মজুমদার প্রমুখ। আবু নাসির খান জানান, আগামী ১ জানুয়ারি থেকে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে।