ঢাকা মহানগরীসহ সারাদেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে এবং আবেদন ফি ১০০ টাকা।
২০২৬ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আবেদন ২১ নভেম্বর, ২০২৫ সকাল ১১:০০ টা থেকে শুরু হয়ে ০৫ ডিসেম্বর, ২০২৫ বিকেল ৫:০০ টা পর্যন্ত চলবে। কোনো বিদ্যালয় থেকে সরাসরি ফরম বিতরণ করা হবে না; আবেদন করতে হবে
https://gsa.teletalk.com.bd ঠিকানায়।
প্রার্থীরা আবেদনকালে থানাভিত্তিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা পাবেন। একাধিক বিদ্যালয় পছন্দের ক্ষেত্রে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় ক্রমানুসারে নির্বাচন করা যাবে। ডাবল শিফট স্কুলের উভয় শিফট পছন্দ করলে তা ২টি পৃথক পছন্দ হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা শিফট পুনরায় পছন্দ করা যাবে না।
ভর্তি প্রক্রিয়ায় ডিজিটাল দৈবচয়নের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন হবে। অন্য কোনো ধরনের পরীক্ষা গ্রহণ করা যাবে না। ১ম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৫ থেকে ৭ বছর হতে হবে। জন্ম তারিখ যাচাই করতে আবেদন ফরমের সঙ্গে অনলাইনে জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।
সরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের সন্তানের জন্য প্রযোজ্য অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে। বালক/বালিকা বিদ্যালয়ের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ অনুযায়ী নিকটতম সরকারি বিদ্যালয়ে আসন সংরক্ষণ করা হবে। সহশিক্ষা বিদ্যালয়ে কর্মরত থাকলে সন্তানের জন্য একই বিদ্যালয়ে আসন সংরক্ষণ থাকবে।
সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্বাচনের চূড়ান্ত তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ঘোষণা করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী www.dshe.gov.bd এবং www.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন এখানে