বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থীকে দণ্ড প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত ৫৪৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৪৪তম সিন্ডিকেট সভায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষক ও পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার ও বিভিন্ন দণ্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকারকে তিন বছরের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আগামী ১০ বছর তিনি পরীক্ষা-সংশ্লিষ্ট কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। এছাড়া পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষার্থীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। একজন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার এবং দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সিন্ডিকেটের তারিখ থেকেই সব সিদ্ধান্ত কার্যকর হবে।