শিক্ষকদের আন্দোলনের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সময়সূচি ব্যাহত হয়েছে। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত তারিখে অধিকাংশ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষার এ ঘাটতি পূরণ ও কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শীতকালীন ছুটির কিছু দিন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সম্পন্ন করার স্বার্থে যে সব বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত হয়েছে, সেখানে ১১-১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ছাড়া ৩ দিন) ছুটি বাতিল করা হয়েছে। এ সময়ে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরুর কথা ছিল। তবে আন্দোলনের কারণে পরীক্ষা না হওয়ায় সেই ছুটির নির্দিষ্ট অংশ বাতিল করে দ্রুত পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে অধিদপ্তর।