২০২৫–২৬ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুলনা ছাড়াও ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম—এই চারটি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে ভর্তি আসন রয়েছে ১ হাজার ১০৯টি। এর বিপরীতে আবেদন করেছে ১ লাখ ৮ হাজার ২৬৬ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৯৭ জন ভর্তিচ্ছু।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষা কেবল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই নেওয়া হবে, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬০৩ জন।
একই দিন দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষা খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী—চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ ইউনিটে মোট পরীক্ষার্থী ৩৬ হাজার ৭৩৪ জন।
অপরদিকে, ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নেবেন ৩৮ হাজার ৯৬১ জন শিক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে।
একইদিন বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটে মোট পরীক্ষার্থী রয়েছে ২৮ হাজার ৯৬৮ জন। খুলনার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে পরীক্ষা নেওয়া হচ্ছে, যা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আরও সহজ ও সুবিধাজনক হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ৩০ ডিসেম্বর। চূড়ান্ত ভর্তি শেষে ২০২৬ সালের ২৫ জানুয়ারি ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে।